নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম দিকে: ইসি আনোয়ারুল

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচনের কর্মপরিকল্পনা ইতোমধ্যে প্রকাশ করেছি। পিআর পদ্ধতি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কি আসে সেটির অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। আর গণভোট নির্বাচনের আগে হবে না পরে হবে এ বিষয়ে এখনও নির্বাচন কমিশনারের নজরে আসেনি।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, গণভোটের বিষয়ে সরকার কিভাবে প্রস্তুতি নিচ্ছেন সে বিষয়টির সিদ্ধান্ত এখনো নির্বাচন কমিশনের কাছে পৌঁছায়নি।

প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রবাসী ভোটারদের নভেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু করা হবে। যারা কয়েদি আসামি রয়েছেন তারাও যাতে ভোট দিতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ও পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।