কিউবিক আর্ট স্কুলের সপ্তম বার্ষিক শিল্পকলা প্রদর্শনী

কিউবিক আর্ট স্কুলের সপ্তম বার্ষিক আর্ট এক্সিবিশন শুরু হয়েছে আজ শুক্রবার সফিউদ্দিন শিল্পালয় গ্যালারিতে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের বিশিষ্ট শিল্পী ও অধ্যাপক শেখ আফজাল হোসেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন।

স্যার জন উইলসন স্কুলের প্রিন্সিপাল সাবরিনা শহীদ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

৪ বছর থেকে ৩৫ বছর বয়সী ৪০ জন শিক্ষার্থী এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে, যেখানে তাদের সৃজনশীলতা ও শিল্প প্রতিভার অসাধারণ প্রকাশ ঘটেছে।

প্রদর্শনীতে অংশ নেওয়া দুই শিক্ষার্থী

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক শেখ আফজাল হোসেন বলেন, ‘শিল্প শিশুদের মুক্তভাবে স্বপ্ন দেখতে, গভীরভাবে চিন্তা করতে এবং পৃথিবীকে নতুন রঙে দেখার সুযোগ দেয়। তাদের উদ্যম, মৌলিকতা ও আত্মবিশ্বাস আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে। সব শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানাই তাদের অসাধারণ প্রচেষ্টার জন্য এবং কিউবিক আর্ট স্কুলের শিক্ষক দলকে ধন্যবাদ জানাই প্রতিটি শিশুর মধ্যে এমন সৃজনশীলতা ও আবেগ জাগিয়ে তোলার জন্য।’

প্রিন্সিপাল সাবরিনা শহীদ বলেন, ‘শিল্পের আছে আমাদের ভাবতে শেখানোর, আমাদের নাড়া দেওয়ার এবং আমাদের মানবিক অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করার অনন্য ক্ষমতা। এটি আমাদের নতুন দৃষ্টিকোণ থেকে পৃথিবীকে দেখার সুযোগ দেয় এবং চারপাশের প্রতিভা ও সৃজনশীলতাকে উপলব্ধি করতে শেখায়। আমি নিশ্চিত, এই প্রদর্শনীতে নির্বাচিত শিল্পকর্মগুলো দর্শকদের অনুপ্রাণিত করবে, চিন্তার উদ্রেক ঘটাবে এবং নতুন আলোচনার জন্ম দেবে। আমি কিউবিক আর্ট স্কুলকে অভিনন্দন জানাই তরুণ শিল্পীদের এমন একটি সুন্দর মঞ্চ তৈরি করার জন্য, যেখানে তারা নিজেদের ভাবনা ও সৃজনশীলতা প্রকাশ করতে পারে।’

কিউবিক আর্ট স্কুলের পরিচালক মুজাহিদুল হাসান বলেন, ‘শিশুরা শিল্পের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশকে ভালোবাসতে শেখে। শিল্প শিশুদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধন গড়ে তুলতেও সহায়তা করে।’

শিক্ষার্থীরা তাদের চিত্রকর্মে অ্যাক্রিলিক, ওয়াটারকালার, পেন্সিল কালার ও অয়েল পেস্টেল মাধ্যম ব্যবহার করেছে।

প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য ২ নভেম্বর ২০২৫ পর্যন্ত উন্মুক্ত থাকবে।