তানজিদের ক্যারিয়ারসেরা ইনিংসে বাংলাদেশ করলো ১৫১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ। ম্যাচে এক প্রান্ত আগলে রেখে টি-টোয়েন্টিতে নিজের সেরা ইনিংসটি খেললেন তানজিদ হাসান তামিম। সাইফ ছাড়া বাকিরা ছিলেন আসা-যাওয়ার মধ্যে। শেষ পর্যন্ত বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে অলআউট হয় ১৫১ রানে।

তানজিদ ৬২ বলে ৮৯ ও সাইফ ২২ বলে ২৩ রান করেন। শেষ ৫ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ৪২ রান।

বাংলাদেশের উদ্বোধনী জুটিতে ওঠে ২২ রান। পারভেজ হোসেন ৯ বলে ১০ রান করে ফিরলে জুটি ভাঙে। অধিনায়ক লিটন দাসও ৯ বলে ৬ রান করেন। তৃতীয় উইকেটে ৬৩ রানের জুটি গড়েন তানজিদ-সাইফ। সাইফ ফিরলে সেই জুটি ভাঙে। এরপর রিশাদ (৩), সোহান (১) নাসুমরা (১) এক অঙ্কের ঘরেই রান করেন। তবে তানজিদের ইনিংসে রানের চাকা সচল থাকে বাংলাদেশের।

জাকের আলী মাঠে নেমে প্রথম বলে চার মারেন। দ্বিতীয় বলে নেন এক রান। তার মোকাবেলা করা তৃতীয় বলটি ছিল ফুলটস। অথচ সেটি মিস করে এলবিডব্লিউ হন জাকের। রিভিউও নেন তিনি অবশ্য তাতে কাজ হয়নি।

ইনিংসের ১৯তম ওভারের প্রথম বলে আউট হন তানজিদ। তার ৮৯ রানের ইনিংসে ৯ চার ও ৪ ছক্কা। এটি তানজিদের টি-টোয়েন্টি ক্যারিয়ারে সেরা ইনিংস। রোমারিও শেফার্ডের করা ওভারের দ্বিতীয় বলে বোল্ড হন শরিফুল (০)। তাতে হ্যাটট্রিক পূর্ণ করেন ক্যারিবিয়ান এই পেসার। এর আগে ইনিংসের ১৭তম ওভারে বল করতে এসে শেষ বলে আউট করেছিলেন নুরুল হাসানকে।

শেফার্ডের করা ইনিংসের শেষ ওভারে ৯ রান এলে দেড়শো পেরোয় বাংলাদেশের ইনিংস। শেফার্ড ৩৬ রানে ৩ উইকেট নেন।