বাঁশখালীর খানখানাবাদের সাগর উপকুলে অজ্ঞাত লাশ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালী উপকুলীয় খানখানাবাদ ইউনিয়নের কদম রসূল সাগর পাড় এলাকায় এক অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে সাগরের পানিতে ভেসে আসা কুলে ক্ষতবিক্ষত অবস্থায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠায়।

শুক্রবার সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি বলে থানা সুত্রে জানা যায়।

স্থানীয়রা ও পুলিশ জানায়, লাশটি কয়েকদিন আগের বলে ধারণা করা হচ্ছে। এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি। ক্ষতবিক্ষত অবস্থায় হওয়াতে এটি পুরুষ না নারী তাও জানা যায়নি।

উপকুলীয় জনগনের সহায়তায় বাঁশখালী থানা পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান।

উদ্ধারকৃত লাশের কোন পরিচয় নিশ্চিত না হওয়াতে সাম্প্রতিক সময়ে কেউ নিখোঁজ থাকলে বা কোনো স্বজনের খোঁজ না পেলে বাঁশখালী থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে, সাগরে ডুবে যাওয়া কারও লাশ ভেসে এসে এখানে উঠতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।