প্রেম, বাস্তবতা ও করোনাকালে ফ্রন্টলাইনের যোদ্ধাদের জীবনযাপনের গল্পের সিনেমা ‘ভালোবাসার প্রজাপতি’। সম্প্রতি শেষ হলো সিনেমার শুটিং। বর্তমানে এডিটিংয়ের কাজ চলছে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন রাজু আলীম ও মাসুমা তানি। এতে অভিনয় করেছেন শিপন মিত্র, মিস ইউনিভার্স বাংলাদেশ শিরিনা আক্তার শিলা, আলিশা ইসলাম, প্রিয়মণি, খালিদ মাহবুব তুর্য, তানিন তানহা, মেহেদী পলাশ, ডিজে সোনিকা প্রমুখ। এ সিনেমায় গান গেয়েছেন মাহমুদ মিলন, নুসরাত বৃষ্টি, আর্শিনা প্রিয়া, তামান্না প্রমি, কনিকাসহ অনেকেই।
প্রযোজক ও পরিচালক রাজু আলীম বলেন, এ সিনেমার শুটিং চলাকালে একটি মজার ব্যাপার হয়েছিল। ওই সময় আমরা ভাবছিলাম পপি প্রেমে পড়েছেন এবং এই আলামত আমি তখনই দেখতে পেয়েছিলাম। তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিই ওপেনিং ও ক্লোজিংটা করে ফেলব আগেই। যে কারণে আমরা সিনেমায় শুটিংয়ের মধ্যে শেষ দৃশ্যে পপিকেই রাখতে চেয়েছিলাম। সেটা ছিল একটি ডিভোর্সের দৃশ্য। গল্পে পপির সঙ্গে তার স্বামীর ডিভোর্স হয়। কিন্তু আমরা সিনেমার শুটিং শেষ করতে পারিনি পপির জন্য। কারণ পপির বিয়ে হয়ে যায়।
পরবর্তী সময়ে তিনি সন্তানের মা হন এবং পরিবার নিয়েই ব্যস্ত থাকেন। অনেক দিন পর গত সপ্তাহে শুটিং শেষ করলাম।
সিনেমার গল্প থেকে দর্শকরা কী মেসেজ পাবেন? জবাবে তিনি বলেন, এ গল্পটি মেসেজে ভরা। প্রতিটি সিকোয়েন্স ও গানে গল্প আছে। এটি না আর্ট ফিল্ম না কমার্শিয়াল ফিল্ম, এটি শুধু পূর্ণদৈর্ঘ্য সিনেমা। বাকিটা দর্শকরা হলে গিয়ে দেখলেই বুঝবেন।
সিনেমার মুক্তি প্রসঙ্গে পরিচালক বলেন, এ সিনেমা তিন ফরম্যাটে আমরা মুক্তি দেব বলে আশা করছি। এখন এডিটিং টেবিলে আছে, তারপরে ডাবিং হবে এবং কালার গ্রিডিং হবে। আমরা সিনেমাটি নির্বাচনের আগে ১৩ ফেব্রুয়ারি মুক্তি দিতে চাই। আমরা ওটিটিতেও মুক্তি দেব। সেই সঙ্গে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারও হবে।