গত ১৯ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন আসামের সংগীতশিল্পী, সুরকার ও অভিনেতা জুবিন গার্গ। সিঙ্গাপুরে মাত্র ৫২ বছর বয়সে প্রয়াত হন ভারতের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় শিল্পী। সংগীত, সিনেমা, ভাষা সব সীমানা পেরিয়ে তিনি ছিলেন এক সত্যিকারের সাংস্কৃতিক প্রতীক।
জুবিনের মৃত্যুর খবরে শোকস্তব্ধ তার অনুরাগীরা যখন পুরনো গানগুলোয় ফিরে যাচ্ছেন, তখনই নতুন খবর তার স্বপ্নের অসমিয়া চলচ্চিত্র ‘রই রই বিনালে’ মুক্তি পেয়েছে গতকাল। ঠিক সেই দিনই, যেদিন তিনি মুক্তি দিতে চেয়েছিলেন। তার সিনেমা মুক্তির দিনে আবেগাপ্লুত ভক্তরা। অনেকেই সিনেমাটি দেখতে গিয়ে কেঁদে ফেলেছেন। জুবিনের সিনেমা মুক্তিকে ঘিরে আসামে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। সিনেমাটির টিকিটের দাম বেড়ে যায়। তবে সব উপেক্ষা করে ভক্তরা ছোটেন হলে প্রিয় শিল্পীকে আরও একবার পর্দায় দেখতে।
জুবিনের অসম্পূর্ণ স্বপ্নের চলচ্চিত্র
জনপ্রিয় অসমিয়া পরিচালক রাজেশ ভূঞা জানিয়েছেন, এই ছবি জুবিনদার ব্যক্তিগতভাবে খুব প্রিয় ছিল। গল্প, সুর, গানের কথা সব কিছুতেই ছিল তার হাতের ছোঁয়া। ভূঞা আরও বলেন, ‘আমরা তিন বছর ধরে ছবিটি তৈরি করেছি। ব্যাকগ্রাউন্ড স্কোর ছাড়া সব কাজই শেষ ছিল। তাই তার মৃত্যুর পরও আমরা তার কণ্ঠের আসল রেকর্ডিং রেখেই ছবিটি মুক্তি দিয়েছি।
ছবিতে ব্যবহৃত ৮০ থেকে ৯০ শতাংশ সংলাপ ও গানই জুবিনের নিজের গলার, যা ল্যাপেল মাইকে রেকর্ড করা হয়েছিল। ফলে দর্শকরা আবারও প্রেক্ষাগৃহে শুনতে পাবেন তার সেই অনন্য কণ্ঠ এ যেন জীবনের পর্দা থেকে মৃত্যুর পর্দায় এক আবেগঘন প্রত্যাবর্তন।