সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় নিজস্ব ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেছে সিটি ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা।
গতকল শুক্রবার দুপুরে এ সংবাদ সম্মেলন থেকে তারা ছয় দফা দাবি উত্থাপন করেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে সাম্প্রতিক অগ্নিসন্ত্রাস, লুটপাট ও মিথ্যাচারের দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। হামলায় আহত সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার এবং ভাঙচুরে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও বিনষ্ট পরিবহনের ক্ষতিপূরণ দিতে হবে।
এ ছাড়া সংঘর্ষে সরাসরি জড়িত ও প্ররোচণাকারী ড্যাফোডিল শিক্ষার্থীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ ও তাদের ছাত্রত্ব বাতিলের দাবি জানানো হয়। হামলার রাতে বারবার সহযোগিতা চাওয়ার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা না পাওয়ার কারণ অনুসন্ধানে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং দায়িত্ব অবহেলার শাস্তি নিশ্চিত করার দাবি জানায় তারা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, তারা দ্রুত সময়ের মধ্যে ক্লাসে ফিরতে চান, তবে তাদের উত্থাপিত দাবিগুলো পূরণ না হলে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম একসঙ্গে শুরু করা সম্ভব নয়। পরে সিটি ইউনিভার্সিটির অডিটোরিয়ামে সংঘর্ষের ভিডিওচিত্র প্রদর্শন করেন শিক্ষার্থীরা।
গত ২৬ অক্টোবর ‘থুতু ফেলা’কে কেন্দ্র করে সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় বিশ্ববিদ্যালয়ই অজ্ঞাতনামা শিক্ষার্থীদের আসামি করে সাভার মডেল থানায় পৃথক মামলা করে।