উত্তরায় মোস্তফা জামান

বিএনপি ক্ষমতায় এলে কেউ বিনা চিকিৎসায় মরবে না

বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে কোনো ব্যক্তি বিনা চিকিৎসায় মারা যাবে না এবং টাকা ব্যয় করে বিদেশে চিকিৎসা নিতে যেতে হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান।

গতকাল শুক্রবার সকালে উত্তরা ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতি মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মেডিকেল ডেন্টাল ইউনিট বৃহত্তর উত্তরা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় আশপাশের দুই শতাধিক মানুষকে সেবা প্রদান করেন চিকিৎসকরা।

মোস্তফা জামান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রব্যবস্থা ৩১ দফায় চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিস্তর পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়ন আমরা করব। এরই অংশ হিসেবে তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, আপনারা মনে রাখবেন, আজকে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প চালুর মাধ্যমে বৃক্ষরোপণ করেছি। এ বৃক্ষ যেন ডালপালা মেলে অনেক বড় করতে পারি, সেজন্য আপনাদের সহযোগিতা দরকার। আমরা সেই পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগিয়ে চলছি। এ দেশে যারা নিরীহ লোক আছে, অসহায় হতদরিদ্র আছে, তারা টাকার অভাবে চিকিৎসা করতে পারে না। ১৭ বছর আওয়ামী লীগ এ দেশ অবৈধভাবে শাসন করেছে। সেই সময় মানুষ বিনা চিকিৎসায় মারা গেছে। তাদের খোঁজখবর কেউ নেয়নি। আমরা বলতে চাই, বিএনপি যদি রাষ্ট্রক্ষমতায় আসে, তাহলে কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না।

মোস্তফা জামান বলেন, দেশে উন্নত চিকিৎসা নেই বলে মানুষ লাখ লাখ টাকা ব্যয় করে বিদেশে চিকিৎসা নিতে যায়। অনেক মধ্যবিত্ত পরিবারের সদস্য টাকার অভাবে বিদেশের মাটিতে চিকিৎসা নিতে পারেন না। জনগণের ভোটের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসুন। তাহলে আর বিদেশে চিকিৎসা নিতে হবে না। দেশেই উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, নির্বাচন কেন্দ্র করে দেশে ষড়যন্ত্র চলছে। যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সব ষড়যন্ত্র অবসান ঘটিয়ে ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির বিভিন্ন পর্যায়ে নেতা এবং তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকাসহ অন্য নেতারা।