ঢাবি ইসলামের ইতিহাস বিভাগের ৭৫ বছর পূর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৭৫ বছর পূর্তির বর্ণাঢ্য অনুষ্ঠানমালা শুরু হয়েছে ৭৫ বছর পূর্তি স্মারক বক্তৃতা দিয়ে।

গতকাল শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ‘ক্রিটিক অ্যান্ড কনস্ট্রাকশন ইন দ্য ডিকলোনাইজেশন অব নলেজ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির সোসিওলজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ ফরিদ আলাতাস।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির যৌথ প্রচেষ্টায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস এবং সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি মিসেস শবনম শেহনাজ চৌধুরী দীপা। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন অধ্যাপক ড. এ কে এম খাদেমুল হক।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক পারভীন হাসান বিভাগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এ ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার আয়োজনের ভাবনাকে স্বাগত জানান।