গত ২৯ অক্টোবর গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ‘জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা কমিটি’ বাতিল করায় প্রধান উপদেষ্টাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।
গতকাল শুক্রবার ফোরামের সভাপতি মো. আব্দুল খালেকের স্বাক্ষরিত গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটা বলা হয়েছে।
এতে বলা হয়, প্রশাসনের শীর্ষ পর্যায়ের কতিপয় উপদেষ্টা ও কর্মকর্তা অসৎ উদ্দেশ্যে ‘রুলস অব বিজনেস’-এর ব্যত্যয় ঘটিয়ে সরকারকে বিভ্রান্ত করে সম্পূর্ণ বেআইনিভাবে ওই কমিটি গঠন করে প্রশাসনে নৈরাজ্য সৃষ্টি করে। এ কমিটির মাধ্যমে একটি বিশেষ রাজনৈতিক দলের অনুসারী কর্মকর্তাদের সচিবসহ বিভিন্ন উচ্চতর পদে পদোন্নতি প্রদান করে প্রশাসনের ভারসাম্য নষ্ট করা হয়েছে। এ ছাড়া বিশেষ স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে জনপ্রশাসনে আওয়ামী দোসর কর্মকর্তাদের সুরক্ষা প্রদান, জেলা প্রশাসকসহ উচ্চতর পদে পদোন্নতি ও পদায়ন করে জনমনে গোটা প্রশাসন সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি করেছে।
আরও বলা হয়, আমাদের জোর দাবি শুধু কমিটি বাতিল নয় বরং জনপ্রশাসনকে অকার্যকর ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিগত এক বছর যেসব উপদেষ্টা ও কর্মকর্তা জড়িত তাদের এবং যেসব কর্মকর্তার বিষয়ে দুর্নীতির অভিযোগ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, ওইসব বিষয়ে হাইকোর্ট ডিভিশনের একজন বিচারপতির নেতৃত্বে তদন্তপূর্বক দোষীদের জবাবদিহির আওতায় আনতে হবে। বিজ্ঞপ্তি