জাপা মহাসচিব বললেন

কবে নির্বাচন হবে তা নিয়ে সংশয় রয়েছে

আওয়ামী লীগ সরকারের পতনের পর দলকে পুনর্গঠনে কাজ করছেন জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীরা। দলের ঘাঁটি রংপুরসহ সারা দেশে জাতীয় পার্টিকে জনগণের কাছে নিয়ে যেতে চান তারা। আগামী ২৬’এর ত্রয়োদশ নির্বাচনে পরিবর্তনের যে হাওয়া বইছে, সেই হাওয়া জাতীয় পার্টিতেও লেগেছে। বিশেষ করে বিএনপি-জামায়াতের পাশাপাশি সারা দেশের ন্যায় রংপুর অঞ্চলের জাপার নেতাকর্মীদের সক্রিয় করে তুলতে কেন্দ্রীয় নেতারা মাঠে নেমেছেন।

গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের ড্রিমপ্লাস কমিউনিটি সেন্টারে নীলফামারী জেলা জাতীয় পার্টির আয়োজনে নীলফামারী জেলা, উপজেলা এবং পৌর জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সেখানে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার কৌশলে জাতীয় পার্টিকে তছনছ করে দিয়েছে। কথা বলার স্বাধীনতা ছিল না। সেদিন আর নেই, মাথার ওপর থেকে কালো মেঘ সরে গেছে। সময় এসেছে পল্লী বন্ধু এরশাদের জাতীয় পার্টিকে পুনরায় ঢেলে সাজানোর।