রাজধানীর মোহাম্মদপুর থেকে শীর্ষ ছিনতাইকারী হিসাবে পরিচিত পাঁয়তারা শাহিন (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তার অভিযানে তার কাছ থেকে দেশীয় তৈরি একটি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এদিকে চাঁদাবাজি করতে গিয়ে কিশোর গ্যাং ‘কবজি কাটা’ গ্রুপের প্রধান আনোয়ারের ভাই দেলোয়ারকেও গ্রেপ্তার করে থানা-পুলিশ। গত বৃহস্পতিবার মোহাম্মাদপুর থানাধীন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গতকাল শুক্রবার মোহাম্মাদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, গোপন সূত্রে খবর পাই, শাহিন দেশীয় অস্ত্রসহ ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এমন খবরে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার। গ্রেপ্তারকৃত শাহিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা উদ্যান থেকে কবজি কাটা গ্রুপের প্রধান আনোয়ারের ভাই দেলোয়ারকে স্থানীয়দের সহায়তায় গ্রেপ্তার করা হয়। চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
শাহিনকে গ্রেপ্তারের বিষয়ে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. নাজমুল হাসান বলেন, শাহিন মূলত হবিগঞ্জ জেলার শিবপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি রাজধানীর রায়েরবাজার প্রেমতলা গলির একটি বাসায় ভাড়া
থাকতেন। বৃহস্পতিবার রাতে রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেটের সামনে অভিযান চালিয়ে শাহিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাই ও অন্য অপরাধে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া কয়েকটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। এদিকে কিশোর গ্যাং কবজি কাটা গ্রুপের প্রধান আনোয়ারের ভাই দেলোয়ার বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় হাজী জয়নাল আবেদীন কাঁচাবাজারে চাঁদাবাজি করতে গেলে স্থানীয়রা তাকে আটক করে। পরে মোহাম্মদপুর থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে।
থানা সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে তারা চাঁদাদাবি করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে দেলোয়ারকে আটক করে। দেলোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।