ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা আবারও প্রমাণ করলেন কেন তাকে বলা হয় আধুনিক যুগের সেরা ফরোয়ার্ডদের একজন। ২০২৪–২৫ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনি জিতেছেন ২০২৫ ইউরোপিয়ান গোল্ডেন বুট, যা ইউরোপের সব লিগ মিলিয়ে সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয়।
স্পেনের ক্রীড়া পত্রিকা ‘মার্কা’ এবং ‘ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া’ যৌথভাবে এমবাপ্পেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করেছে। রোনালদোর পর প্রথম রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে এমবাপ্পে এই পুরস্কার জিতলেন। ২০১০-১১, ২০১৩–১৪ এবং ২০১৪–১৫ মৌসুমে রোনালদো এই পুরস্কার জিতেছিলেন। এছাড়া গত দুই মৌসুমে এই ট্রফি জিতেছিলেন যথাক্রমে হ্যারি কেইন (২০২৩–২৪) ও আর্লিং হালান্ড (২০২২–২৩)।
৩১ গোল করে এমবাপ্পে পেছনে ফেলেছেন পর্তুগালের স্পোর্টিং সিপির ভিক্টর গিওকেরেস এবং লিভারপুলের মোহামেদ সালাহকে। রিয়াল মাদ্রিদের হয়ে ৩৪ ম্যাচে ২,৯১৫ মিনিট মাঠে থেকে ৩১ গোল করেছেন এমবাপ্পে। ইউরোপিয়ান গোল্ডেন বুট পয়েন্ট সিস্টেমে বড় লিগগুলোর (স্পেন, ইংল্যান্ড, জার্মানি, ইতালি ও ফ্রান্স) প্রতিটি গোলের মান ২ পয়েন্ট ধরা হয়। এই হিসেবে এমবাপ্পের পয়েন্ট দাঁড়িয়েছে ৬২।
অন্যদিকে, পর্তুগালের লিগে খেলা ভিক্টর গিওকেরেসের ৩৯ গোলের প্রতিটির মান ১.৫ পয়েন্ট হওয়ায় তার মোট পয়েন্ট দাঁড়ায় ৫৮.৫। যে কারণে তিনি আছেন দ্বিতীয় স্থানে। সালাহ ২৯ গোল করে ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন। ফুটবল বিশেষজ্ঞদের মতে, এমবাপ্পে শুধু বর্তমান নয়, ভবিষ্যতে আরও বড় তারকা হয়ে উঠবেন। এটাই তার লক্ষণ। এমবাপ্পের গতি, নিখুঁত ফিনিশিং আর ধারাবাহিকতাই তাকে অনন্য করেছে।
২০২৫ ইউরোপিয়ান গোল্ডেন বুটের চূড়ান্ত তালিকা:
ক্রম খেলোয়াড় ক্লাব গোল পয়েন্ট
১ কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদ ৩১ ৬২
২ ভিক্টর গিওকেরেস স্পোর্টিং সিপি ৩৯ ৫৮.৫
৩ মোহামেদ সালাহ লিভারপুল ২৯ ৫৮
৪ হ্যারি কেন বায়ার্ন মিউনিখ ২৬ ৫২
৫ রবার্ট লেভানডভস্কি বার্সেলোনা ২৫ ৫০
৫ মাতেও রেতেগুই আতালান্তা ২৫ ৫০
৭ আলেকজান্ডার ইসাক নিউক্যাসল ২৩ ৪৬
৮ ওমর মারমুশ ফ্রাঙ্কফুর্ট/ম্যানসিটি ২২ ৪৪
৮ আর্লিং হালান্ড ম্যানসিটি ২২ ৪৪
১০ মিকা বিয়েরেথ স্টুর্ম গ্রাজ/মোনাকো ২৪ ৪২.৫