কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সীমিত করল ইসি

নির্বাচন কমিশন (ইসি) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তার কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রাপ্ত একটি নির্দেশনার পরিপ্রেক্ষিতে সংস্থাটি এই অফিস আদেশ জারি করেছে।

ইসির সংস্থাপন শাখার সহকারী সচিব মো. মমতাজ আল শিবলী ইতোমধ্যে এই আদেশটি সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠিয়েছেন। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রেরিত চিঠিতে সব বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পাশাপাশি, এখন থেকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়।

সেই চিঠির আলোকে ইসির নতুন আদেশে, এনআইডি মহাপরিচালকসহ সব মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিদেশ সফর সংক্রান্ত সরকারি এই সিদ্ধান্ত মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ইসির কিছু কর্মকর্তা জানান, প্রবাসী ভোটার সংক্রান্ত কার্যক্রমের জন্য তাদের কিছু দেশে সফর রয়েছে।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সে লক্ষ্যেই সব ধরনের প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।