দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য নায়েক আকতার হোসেন মায়ানমার সীমান্তে পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরণে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়।
মৃত্যুর পরদিন আজ শনিবার (১ নভেম্বর) সকালে বিজিবির একটি হেলিকপ্টার করে আকতার হোসেনের মরদেহ তার নিজ গ্রাম ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুরে নেওয়া হয়। সেখানে তার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের উপস্থিতিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে যথাযোগ্য সামরিক মর্যাদায় তাকে দাফন করা হয়।
নায়েক আকতার হোসেন (নম্বর-৬২১১৬) গত ১২ অক্টোবর বাংলাদেশ-মায়ানমার সীমান্তের রেজুআমতলী এলাকার পেয়ারাবুনিয়া অঞ্চলে দায়িত্ব পালনকালে এই মাইন বিস্ফোরণের শিকার হন। ঘটনার পর তাকে দ্রুত রামু সেনানিবাসের সিএমএইচে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি ঘটায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে স্থানান্তরিত করা হয়।
বিজিবি একটি আনুষ্ঠানিক বিবৃতিতে নায়েক আকতার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে নায়েক আকতার হোসেন যে আত্মত্যাগ ও বীরত্ব দেখিয়েছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। বিজিবি পরিবার তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং শহীদের আত্মার মাগফেরাত কামনা করেছে।