ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় ২ আসামি গ্রেপ্তার

ফরিদপুরে গৃহবধূকে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনতাইয়ের ঘটনার প্রধান আসামি দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খরা বাহিনী।

গ্রেপ্তাররা হলেন সদর উপজেলার কবিরপুর এলাকায় মো. শরীফুল ইসলাম ডন শরীফ (৩৮) ও তার সহযোগী মো. রায়হান মোল্লা (২৫)। আসামি ডনের বিরুদ্ধে ডাকাতি, খুন, চুরি ও মাদকের মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে।

শনিবার (০১ নভেম্বর) দুপুরে র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্প কার্যালয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ এর অধিনায়ক (পরিচালক) অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান এ বিষয়ে নিশ্চিত করেন।

তিনি জানান, র‍্যাব-১০ এর একটি দল শহরের উত্তর শোভারামপুর এলাকায় কদিন আগে পিস্তল ঠেকিয়ে এক গৃহবধূর কানের দুল ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করে। আর এ ঘটনার মূল আসামি মো. শরীফুল ইসলাম ডন শরীফ ও তার সহযোগী মো.রায়হান মোল্লাকে শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সালথা থেকে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে ফরিদপুর শহর ও আশপাশ এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে নারীর কাছ থেকে স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে আসছিল। এছাড়াও তারা মাদক বিক্রয়ের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাদেরকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।