সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে রসুনের দাম কমে অর্ধেকে নেমে এসেছে। এতে খুশি নিম্ন আয়ের মানুষ। সরবরাহের ধারা এমন থাকলে সামনে রসুনের দাম আরও কমতে পারে বলে দাবি করেছেন বিক্রেতারা।
হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতিটি দোকানেই রসুনের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে। বর্তমানে রসুন ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা একসপ্তাহ আগে ১৩০ থেকে ১৪০টাকা দরে বিক্রি হয়েছিল। তবে রসুনের আকার ভেদে দাম কম বেশি হয়।
ক্রেতা হায়দার আলী ও মিনহাজুল ইসলাম বলেন, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে বাজারে রসুনের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। আগে যে দামে হাফ কেজি রসুন পেতাম সেই দামে এখন এক কেজি রসুন কিনতে পারছি। এতে করে আমাদের মতো নিম্ন আয়ের মানুষদের বেশ সুবিধা হয়েছে।
হিলি বাজারের রসুন বিক্রেতা আবুল হাসনাত মান্না বলেন, নাটোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে রসুনের আবাদ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হওয়ায় বাজারে পণ্যটির সরবরাহ স্বাভাবিক রয়েছে। সম্প্রতি কৃষকরা তাদের বাড়িতে যেসব রসুন শুকিয়ে মজুদ করে রেখেছিলেন সেসব রসুন ছাড়তে শুরু করেছেন। এতে করে মোকামে রসুনের সরবরাহ আগের তুলনায় অনেকটা বেড়েছে ফলে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।