নরসিংদীতে জমি নিয়ে বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে তাদেরই চাচাতো ভাইয়েরা। এই ঘটনায় ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলো চরসুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে ফোরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০)।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, ফোরা মিয়া ও শাকিলের বাবা দীর্ঘ ২০ বছর আগে তাদের চাচা আব্দুল আউয়ালের কাছ থেকে ১৭০০ টাকা ধার নেন। সেই প্রেক্ষিতে আউয়াল তার ছেলে শিপন মিয়া ও রিপন মিয়ারা আবু তাহেরের ভিটা থেকে জমি দাবি করে আসছিলেন। সম্প্রতি বেশ কয়েকটা দরবার হলে বিচারকরা আবু তাহেরের পরিবারের পক্ষেই রায় দেন।

শনিবার পুনরায় রিপন, শিপনরা জমি দখল করতে যান। এ সময় বাধা দিলে দেশীয় আস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালান। এতে ফোরা মিয়া, শাকিল মিয়া ও ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হন। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।

নিহত ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম বলেন, আমরা স্বামী ও দেবরকে তাদের চাচা আওয়াল এবং তার ছেলেরা কুপিয়ে হত্যা করেছে। মাথায়, হাতে ও শরীরের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। কোপ দিয়ে আমার স্বামীর পেটের ভুড়ি বের করে ফেলেছে। আমার ছেলে-মেয়েকে যারা এতিম করেছে আমি তাদের ফাঁসি চাই।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির বলেন, আমাদের হাসপাতালে আনা দুইজনকে মৃত অবস্থায় পেয়েছি। একজন অল্প আহত হওয়ায় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার (ক্রাইম) বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শনে আছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ১ জনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জেনে পরে জানানো হবে।