রাজশাহী মহানগর বিএনপির কমিটি গঠিত হয়েছে। এতে রাজশাহী মহানগর বিএনপির সদ্য বিদায়ী কমিটির সদস্য সচিব মামুন অর রশিদ মামুনকে সভাপতি ও নগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
শনিবার দলটির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
১৪ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি হিসেবে নজরুল হুদা, সহ-সভাপতি হিসেবে আসলাম সরকার, ওলিউল হক রানা, এডভোকেট মো. আলী আশরাফ মাসুম, সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বজলুল হুদা মন্টু, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু।
এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে সদ্য সাবেক কমিটির আহ্বায়ক এডভোকেট এরশাদ আলী ঈসা ও মো. মাইনুল আহসান পান্নাকে। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানান রুহুল কবির রিজভী।
এর আগে ২০২১ সালের ১০ ডিসেম্বর এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুন অর রশিদ মামুনকে সদস্য সচিব করে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর প্রায় সাড়ে তিন বছর পর গত ১০ আগস্ট মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনই আহ্বায়ক কমিটি ভেঙে দেয়া হয়। এরপর থেকে মহানর বিএনপির কোনো কমিটি ছিল না, সবশেষ শনিবার আংশিক এ কমিটি ঘোষণা করা হয়।