২১ দফা দাবিতে সারাদেশে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

সাগর-রুনি হত্যাসহ সব সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালসহ ২১ দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে সারাদেশে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সারাদেশের সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের অংশগ্রহণে এই কর্মসূচি পালন করা হয়।

সারাদেশে বক্তরা, সংবাদকর্মীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা, সাংবাদিক নির্যাতনের বিচার, ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি করেন। পাশাপাশি নো ওয়েজ বোর্ড নো মিডিয়া নীতি কার্যকর, সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি ২ দিন নির্ধারণ, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালা-কানুন বাতিল, আইন অনুযায়ী সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত স্থাপনসহ ২১ দফা দাবির বিষয় তুলে ধরেন।