জাপা মহাসচিব

বিপুলসংখ‍্যক মানুষকে বাইরে রেখে নির্বাচন হলে দেশে গৃহযুদ্ধ হবে

বিপুলসংখ‍্যক লোককে বাইরে রেখে নির্বাচন হলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

শনিবার (১ নভেম্বর) বিকেলে রংপুর নগরীর জাতীয় পার্টি সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে কর্মী সভা শেষে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমান প্রশাসনিক কাঠামো জামায়াত, বিএনপি ও এনসিপি কাঠামো, এই কাঠামোর মধ্যে নির্বাচন সম্ভব নয়। দেশকে বাঁচাতে গেলে ঐকমত সৃষ্টি করতে হবে, বিপুলসংখ‍্যক লোককে বাইরে রেখে নির্বাচন হলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে।

পাটোয়ারী বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অন্তর্ভূক্তিমূলক করতে হবে। দেশের ইতিহাসে ২০০৮ সাল পর্যন্ত জাতীয় পার্টি, জাসদ, আওয়ামী লীগ মিলে শতকরা ৫০ ভাগ ভোট পেয়েছে। সরকারের উচিত এটি ঠেকাতে সকল দলকে নিয়ে জাতীয় সংলাপের আয়োজন করা। না হলে দেশ দীর্ঘ মেয়াদে দ্বন্দ্বের ফাঁদে পড়ে যাবে।

কিছু দল ঐক্যমত কমিশনের অনুষ্ঠানে স্বাক্ষর করে এক ধরনের ফাঁদে পড়ে গেছে মন্তব্য করে তিনি আরো বলেন, আজ তারা ঐক্যমত কমিশনের প্রতারণার শিকার হয়েছে বলছেন। আমরা এমন ঐক্যমত কমিশন চাইনি।

এ সময় জাতীয় পার্টিকে নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে, সুষ্ঠু ভোটের নিদর্শন পেলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে বলেও মন্তব্য করেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

এ সময় জাতীয় পার্টির রংপুর মহানগর, জেলা এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।