স্ত্রী হত্যার মামলায় শ্বশুরবাড়ি থেকে স্বামী গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে গোলাপী বেগম হত্যার মামলায় তার স্বামী আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোলাপী বেগমের লাশ উদ্ধারের পর থেকে পুলিশের নজরদারির মধ্যেই ছিলেন তিনি।

শনিবার (১ নভেম্বর) দুপুরে মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানি রোডস্থ শ্বশুরবাড়ি থেকে আব্দুল কাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আব্দুল কাদের (৫৫) পৌরসভার পোস্টকামুরী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। হত্যার শিকার গোলাপী বেগমকে প্রায় দেড় যুগ পূর্বে বিয়ে করার পর থেকে শশুর বাড়িতেই থাকতেন তিনি। গোলাপী বেগম তার দ্বিতীয় স্ত্রী ছিলেন। সংসারে তাদের একটি ৫ মাসের কন্যা সন্তানসহ মোট ৩ সন্তান রয়েছে।

গত ২৬ অক্টোবর সকাল ৮টার দিকে নিহতের বাড়ির পাশদিয়ে প্রবাহিত বারই খালের বাইমহাটী অংশে কচুরিপানার সঙ্গে বিবস্ত্র অবস্থায় তার লাশ আটকে থাকতে দেখে স্থানীয়রা। এরআগে গত ২৩ অক্টোবর সন্ধ্যার পর নিখোঁজ হন গোলাপী বেগম নামের ওই গৃহবধূ।

লাশ উদ্ধারের পর কারো সাথে তাদের বিরোধ ছিলো কিনা এমন প্রশ্নের জবাবে আব্দুল কাদের বলেছিলেন, ‘বিষয়টি এখনি বলা যাবেনা।’ তবে তিনি তার স্ত্রীর নিরাপত্তা নিয়ে পূর্ব থেকেই উদ্বিগ্ন ছিলেন বলে তার সাথে কথা বলে জানা যায়।

এঘটনায় নিহত গোলাপী বেগমের বাবা বিশু মিয়া বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী উপ পরিদর্শক সানাউল্লাহ বলেন, গ্রেপ্তার আব্দুল কাদেরের কথা বার্তায় অনেক অসংলগ্নতা লক্ষ্য করা গেছে।

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। শুনানি না হওয়ায় আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন।