আবারও চুরির অভিযোগে গ্রেপ্তার হলেন ভারতীয় অভিনেত্রী রুপা দত্ত। কলকাতার বড় বাজারের এক সোনার দোকান থেকে গয়না ও অর্থ চুরির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এ সময় তার কাছ থেকে ৬২ গ্রামের বেশি সোনা উদ্ধার করা হয়েছে।এবিপি আনন্দ এক প্রতিবেদনে জানিয়েছে, বড় বাজারের এক সোনার দোকানে এক নারীর ব্যাগ থেকে সোনা ও টাকা চুরির অভিযোগ আসে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিনেত্রী রুপা দত্তকে চিহ্নিত করে পুলিশ। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ২০২২ সালে বইমেলায় পকেটমারের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন রুপা। আদালত সূত্রে জানা যায়, অভিযোগের বিষয়ে অভিনেত্রী জানান, মেলায় ঠান্ডা পানীয় খেয়ে ডাস্টবিনে বোতল ফেলতে গিয়েছিলেন তিনি। তখন ডাস্টবিনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে তুলে নেন। সেই সময় কিছু লোক তাকে ঘিরে ধরেন। এরপরই গ্রেপ্তার করে পুলিশ। এ কথা শুনে বিচারক অভিনেত্রীকে প্রশ্ন করেন, এত বড় বড় জায়গায় অভিনয় করেছেন অথচ ডাস্টবিনে পড়ে থাকা ব্যাগ তুলে নিলেন?