রোহিতের পর কোহলির রেকর্ডও ভাঙলেন বাবর আজম

আগের দিন সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের রোহিত শর্মাকে টপকে টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছিলেন বাবর। শনিবার ৪৮ বলে ৬৮ রানের ইনিংস খেলে ভারতের আরেক কিংবদন্তি বিরাট কোহলির আরেক রেকর্ডও ভাঙলেন তিনি। এটি বাবরের ৪০তম ফিফটি, যা কোহলির ৩৯টি ফিফটির রেকর্ড ছাড়িয়ে গেল।

লাহোরে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে তোলে ১৩৯ রান। পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি বিধ্বংসী বোলিংয়ে তুলে নেন ৩ উইকেট, ২৬ রানে। অভিষিক্ত স্পিনার উসমান তারিক ২টি ও ফাহিম আশরাফ ২টি উইকেট নেন। 

জবাবে বাবরের ইনিংসে ভর করে পাকিস্তান ১৯তম ওভারে জয় নিশ্চিত করে। অধিনায়ক সালমান আলি আগা ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এই জয়ে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় পাকিস্তান।

সংক্ষিপ্ত ফলাফল:

দক্ষিণ আফ্রিকা – ১৩৯/৯ (২০ ওভার)

পাকিস্তান – ১৪০/৬ (১৯ ওভার)

ফলাফল: পাকিস্তান ৪ উইকেটে জয়ী (সিরিজ ২–১)