ফ্যাসিস্ট আখ্যা দিয়ে এনসিপির সভায় ইউপি চেয়ারম্যানকে হেনস্তা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলোচনা ও মতবিনিময় সভায় কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সদস্য এসএম সাইফুজ্জামানকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে জুলাই যোদ্ধারা ও তার অনুসারীরা। গতকাল শনিবার বেলা সোয়া ১টার দিকে নড়াইল শহরের পালকি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। ঘটনার সময় সাইফুজ্জামানকে পাশের একটি রুমে নিয়ে রক্ষা করা হয়। জুলাই যোদ্ধাদের অভিযোগ চেয়ারম্যান সাইফুজ্জামান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী।

জানা যায়, গতকাল সকাল থেকে শহরের ধোপাখোলা এলাকায় পালকি কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নড়াইল জেলা শাখার আয়োজনে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এনসিপি জেলা প্রধান সমন্বয়কারী অবসরপ্রাপ্ত লে. কর্নেল এম শাব্বির আহমেদের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি।

আলোচনার মাঝামাঝি সময়ে এক বক্তা জেলা সমন্বয় কমিটির সদস্য পদে এসএম সাইফুজ্জামানের নাম অন্তর্ভুক্তি থাকায় এবং তিনি সভায় উপস্থিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। সেই মুহূর্তে কয়েকজন জুলাই যোদ্ধাসহ তাদের অনুসারীরা মঞ্চে বসা সাইফুজ্জামানের দিকে ধেয়ে যান এবং সাইফুজ্জামানের ওপর হামলা ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ঘটনার সময় মঞ্চে উপস্থিত এনসিপি নেতারা সাইফুজ্জামানকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেন। অবস্থা বেগতিক দেখে একপর্যায়ে পাশের রুমে নিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। বিক্ষুব্ধরা ফ্যাসিস্ট সুবিধাভোগী সাইফুজ্জামানকে পুলিশে সোপর্দ করার দাবি জানান।

জুলাই যোদ্ধা শফিকুল ইসলাম অভিযোগ করেন, চেয়ারম্যান সাইফুজ্জামান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বিগত সময়ে তিনি আওয়ামী লীগের সুযোগ-সুবিধা ভোগ করে আসছে। তার মতো সুবিধাভোগীকে এনসিপির কমিটিতে রাখার কোনো সুযোগ নেই। অনতিবিলম্বে কমিটি থেকে বাদ দেওয়া না হলে এরপর আরও আন্দোলন করা হবে।

এ ব্যাপারে সাইফুল ইসলাম বলেন, ‘আমি পাঁচগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছি। যে ঘটনাটি ঘটেছে এটা ষড়যন্ত্রমূলকভাবে ঘটানো হয়েছে।’

এ ব্যাপারে এনসিপি জেলা প্রধান সমন্বয়কারী অবসরপ্রাপ্ত লে. কর্নেল এম শাব্বির বলেন, ‘আলোচনা সভায় অনাকাক্সিক্ষত ঘটনাটি কেন্দ্রে জানানো হবে।’

এনসিপি নেতারা জানান, চলতি বছরের ৩ জুন অবসরপ্রাপ্ত লে. কর্নেল এম শাব্বিরকে প্রধান সমন্বয়কারী করে ২১ সদস্য বিশিষ্ট নড়াইল জেলা সমন্বয় কমিটি অনুমোদন দেওয়া হয়। গত ৩ জুন কমিটি অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। এই কমিটিতে সদস্য হিসেবে আছেন এসএম সাইফুজ্জামান।