নরসিংদীতে দুই ভাইকে কুপিয়ে হত্যা, আহত ১

নরসিংদীতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে চাচাতো ভাইয়েরা। এই ঘটনায় হুরুন মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চরসুবুদ্ধি গ্রামের মৃত আবু তাহেরের ছেলে হুরুন মিয়া (৩৭) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০)।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, হুরুন মিয়া ও শাকিলের বাবা আবু তাহের ২০ বছর আগে তাদের চাচা আব্দুল আউয়ালের কাছ থেকে ১ হাজার ৭০০ টাকা ধার নেয়। সেই প্রেক্ষিতে আউয়াল, তার ছেলে শিপন মিয়া ও রিপন মিয়ারা আবু তাহেরের ভিটা থেকে জমি দাবি করে আসছিল। সম্প্রতি বেশ কয়েকটা দরবার হলে বিচারকরা আবু তাহেরের পরিবারের পক্ষেই রায় দেন। গতকাল দুপুরে পুনরায় আউয়াল, ছেলে রিপন ও শিপন, মেয়ে শাহানা, আজিনা, আছমাসহ ১০ থেকে ১২ জন দা, লাঠি নিয়ে জমি দখল করতে যায়। এ সময় তারা বাড়ির সীমানার টিনের বেড়া ভেঙে ফেলে। বাধা দিলে ক্ষিপ্ত হয়ে আউয়াল, রিপন ও শিপনরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হুরুন মিয়া, তার ভাই শাকিল মিয়া ও হুরুন মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হয়। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।

নিহত হুরুন মিয়ার স্ত্রী মনিরা বেগম বলেন, আমার স্বামী ও দেবরকে তাদের চাচা আউয়াল এবং তার ছেলেরা কুপিয়ে হত্যা করেছে। মাথায়, হাতে ও শরীরের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। কোপ দিয়ে আমার স্বামীর পেটের ভুঁড়ি বের করে ফেলেছে। আমার ছেলে-মেয়েকে যারা এতিম করেছে আমি তাদের ফাঁসি চাই।