ভিনিসিয়ুসের পেনাল্টি মিস; এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের জয়

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল আর জুড বেলিংহ্যামের দুর্দান্ত নৈপুণ্যে ভর করে ভ্যালেন্সিয়ার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ৪-০ গোলের জয়ে লা লিগার শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে স্প্যানিশ জায়ান্টরা। টানা চতুর্থ জয়ে দ্বিতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের চেয়ে তারা ৭ পয়েন্টে এগিয়ে গেছে। ম্যাচটিতে পেনাল্টি মিস করেছেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

সান্তিয়াগো বার্নাবেউয়ে শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচের ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। ফ্রাঙ্কো মাস্তান্তুওনোর কর্নারে ভ্যালেন্সিয়া ডিফেন্ডার সিজার তাররেগার হাতে বল লাগলে রেফারি পেনাল্টি দেন। এরপর ৩১তম মিনিটে আরদা গুলারের ক্রসে দুর্দান্ত ভলিতে নিজের দ্বিতীয় গোলটি করেন ফরাসি তারকা।

৩৩ মিনিটে রিয়াল পেতে পারত আরও একটি গোল। থিয়েরি কোরেইয়ার ফাউলে পাওয়া দ্বিতীয় পেনাল্টি থেকে ভিনিসিউস জুনিয়র শট নেন মাঝ বরাবর, কিন্তু ভ্যালেন্সিয়ার গোলরক্ষক জুলেন আগিররেজাবালা সহজেই তা রুখে দেন। তবে পরের মিনিটেই বেলিংহ্যামের নিখুঁত কার্লিং শটে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ম্যাচে তেমন উত্তেজনা না থাকলেও শেষ দিকে ৮২ মিনিটে ব্যবধান ৪-০ করেন আলভারো ক্যারেরাস।

এই ম্যাচে নজর ছিল ভিনিসিউস জুনিয়রের দিকেও, যিনি গত সপ্তাহের এল ক্লাসিকোতে বদলি হওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে এবার মাঠে তিনি শান্ত ছিলেন, যদিও গোল পাননি। রিয়ালের পরবর্তী ম্যাচ মঙ্গলবার (৪ নভেম্বর) অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে, এরপর আগামী রবিবার (৯ নভেম্বর) লা লিগায় রায়ো ভালেকানোর মুখোমুখি হবে তারা।