আপিল বিভাগকে বিএনপি

তত্ত্বাবধায়ক বাতিলের রায়ে দেশে রাজনৈতিক সংকটের শুরু

রাজনৈতিক সংকটের সূচনা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় থেকেই। আপিল বিভাগে এ কথা জানিয়েছেন বিএনপির পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।

রবিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন থেকে সৃষ্ট আপিলের ষষ্ঠ দিনের শুনানিতে তিনি এ বক্তব্য দেন।

আদালতে বিএনপির পক্ষে শুনানি করছেন জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে উপস্থিত আছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এর আগে গত ২৯ অক্টোবর এ সংক্রান্ত আপিলের টানা পঞ্চম দিনের শুনানি শেষ হয়।

গত ২৮ অক্টোবর এ আপিলের চতুর্থ দিনের শুনানিতে জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। ২৩ অক্টোবর তৃতীয় দিনের শুনানিতে ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী।

২২ অক্টোবর দ্বিতীয় দিনের শুনানিতে রিটকারী বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি শেষ করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। ২১ অক্টোবর এ বিষয়ে আপিলের শুনানি শুরু হয়।

গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়। পরে ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আপিল করেন।

এছাড়া নওগাঁর রানীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেনও গত বছর রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন।