কুয়াকাটায় ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ

পটুয়াখালীর কুয়াকাটায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ ধরা ও বিক্রির অপরাধে ৫০ কেজি জাটকা জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। এ সময় অবৈধভাবে মাছ পরিবহনের দায়ে ব্যবসায়ী ইছাকে (১৯) ২ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে কুয়াকাটার ধোলাই মার্কেট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন সাদিক নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব মাছ জব্দ করা হয়। পরে মানবিক বিবেচনায় জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। 

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই মনিরুল ইসলাম জানান, আজ থেকে আগামী আট মাস পর্যন্ত জাটকা ধরা, বিক্রি ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা এই মাছগুলো আটক করি এবং পরে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন সাদিক বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। এর টেকসই উৎপাদন ও সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত থাকবে। 

তিনি আরও জানান, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচের ইলিশকে জাটকা ধরা হয়।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৪ ও ৫ (১) ধারায় জাটকা ধরা দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা বা ২ বছর পর্যন্ত কারাদণ্ড ও উভয় দণ্ডের বিধান রয়েছে।