যমুনা অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চের ঘোষণা

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর জাতীয়করণের দাবিতে আজ রবিবার (২ নভেম্বর) দুপুরে যমুনা অভিমুখে লংমার্চ শুরু করার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

এর আগে, দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন তারা।

সমাবেশে শিক্ষক নেতারা বলেন, দীর্ঘদিন ধরে জাতীয়করণের দাবি জানিয়ে আসলেও সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি। দেশের লাখ লাখ ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক এখন অবহেলার শিকার হচ্ছেন। তারা আশা করছেন, আজকের মধ্যেই সরকার জাতীয়করণের ঘোষণা দিয়ে শিক্ষক সমাজকে কর্মস্থলে ফেরার সুযোগ করে দেবে।

প্রসঙ্গত, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণের ঘোষণার বাস্তবায়ন দাবিতে টানা ২১ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা।

আন্দোলনরত শিক্ষকরা অভিযোগ করেন, প্রশাসনিক জটিলতা ও অযৌক্তিক বিলম্বের কারণে তারা আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। সরকারের পক্ষ থেকে ধাপে ধাপে জাতীয়করণের ঘোষণা দেওয়ার নয় মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়িত না হওয়ায় আবারও তারা রাজপথে নেমেছেন।