৫ দাবিতে জামালপুরে অটোরিকশা-ইজিবাইক ধর্মঘট

জামালপুরে লাইসেন্স নবায়ন ফি কমানোসহ ৫ দাবিতে ধর্মঘট পালন করছেন ইজিবাইক ও রিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এতে ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা। রবিবার (০২ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৌর শহরে ব্যাটারিচালিত অটোরিকশা-ইজিবাইক বন্ধ রেখে এই ধর্মঘট কর্মসূচি পালন করে তারা। 

মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা জানান, লাইসেন্স নবায়ন ফি কমানো, গাড়ির রং করার সিদ্ধান্ত বাতিল, পৌরসভার যানজট রক্ষার্থে নতুন লাইসেন্স না দেওয়া, যানজট নিরসনে কম্পপুর, রশিদপুর, টিউবওয়েলপাড় মোড়সহ শেরপুর ব্রিজের ওপরে ও নিচে চেকপোস্ট বসানো, লাইসেন্স বিহীন কোনো গাড়ি পৌরসভায় চলাচল করতে না দেওয়ার দাবিতে ধর্মঘট পালন করছেন মালিক শ্রমিকরা। দাবি আদায় না হলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচির দিকে যাবেন তারা। 

এ বিষয়ে পৌর প্রশাসক মৌসুমী খানম বলেন, ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা চালকদের নিয়ে একটি কর্মশলা করা হবে। এতে চালকরা সড়কে চলাচলের বিভিন্ন নিয়ম কানুন শিখতে পারবে, জানতে পারবে। এ কর্মশালার খরচ জোগানোর জন্য লাইসেন্স প্রতি ৫০০ টাকা করে আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে লাইসেন্স নবায়নের কোনো ফি বাড়ানো হয়নি।