‘কাঁচাপাট রপ্তানি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে কঠোর পদক্ষেপ’

আগামী ১০ দিনের মধ্যে কাঁচাপাট রপ্তানি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে কঠোর পদক্ষেপের হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির।

তিনি বলেন, বর্তমানে কাঁচাপাট রপ্তানি বন্ধ থাকায় পাট ব্যবসায়ী রপ্তারিকারকরা সঙ্কটে রয়েছেন। অনেক পাট ব্যবসায়ী ঋণে জর্জরিত। দুই মাসে আমরা এক বেলও কাঁচাপাট রপ্তানি করতে পারিনি।রপ্তানি বন্ধ থাকায় হাজার হাজার ব্যবসায়ী, কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা শিগগিরই উপদেষ্টা ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলবো। আর যদি এর বিষয়ে কোনো সিদ্ধান্ত না হয় তাহলে কঠোর পদক্ষেপ নেব।

রবিবার (০২ নভেম্বর) দুপুরে বিজেএর নারায়ণগঞ্জ অফিসের আফজাল মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় বিজেএর নবনির্বাচিত চেয়ারম্যান এসব কথা বলেন।

সভায় বিগত অর্থ বছরের চূড়ান্ত নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন ও সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের কাঁচাপাট ব্যবসায়ী ও রপ্তানিকারকরা।

সভা শুরুর আগে নতুন কার্যনির্বাহী কমিটিকে অভ্যর্থনা ও দায়িত্ব হস্তান্তর করেন সদ্য সাবেক চেয়ারম্যান মো. ফরহাদ আহমেদ আকন্দ।

এসময় নবনির্বাচিত কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম পিয়াস, ভাইস চেয়ারম্যান মো. তারেক আফজাল, কমিটির কার্যকরী সদস্য মো.ফাহাদ আহমেদ আকন্দ, শামীম আহমেদ, এস এম মনিম্নজ্জামান (পলাশ), খাইরুজ্জামান, মো. কুতুবউদ্দিন, শেখ ঈমাম হোসেন, এস এম হাফিজুর রহমান, বদরুল আলম (মার্কিন), এইচ এম প্রিন্স মাহমুদ,  মো.তোফাজ্জল হোসেন, মো.ইকবাল হোসেন ভূঁইয়া, মো. নূর ইসলাম, মো.আলমগীর খান, রঞ্জন কুমার দাস ও এস এম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।