মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে শ্রেণিকক্ষে লাঞ্ছনার ঘটনায় উত্তেজনা ছড়ায়। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। এতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
রবিবার (২ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়। যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়ে।
শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর স্থানীয় সাদ্দাম হোসেনসহ কয়েকজন বহিরাগত শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষক আল রোমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনার প্রতিবাদে তারা বিক্ষোভ করে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। পরে জড়িতদের গ্রেপ্তার ও আইনি ব্যবস্থার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এতে পরিস্থিতি শান্ত হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছে। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।