প্রতিবন্ধী ভাতা আত্মসাতের অভিযোগ নারী ইউপি সদস্যের বিরুদ্ধে

বরগুনার আমতলীতে এক প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে নারী ইউপি সদস্য তামান্না বেগমের বিরুদ্ধে। তিনি উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ৪, ৫, ৬নং ওয়ার্ডের সংরক্ষীত আসনের নারী ইউপি সদস্য। ভুক্তভোগী প্রতিবন্ধী ব্যক্তির নাম দুলাল মিয়া।

শনিবার (২৯ অক্টোবর) বিকালে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসানের বরাবর একটি লিখিত সাধারন ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগী দুলাল মিয়া। যার জিডি নং-১২৪৬।

অভিযোগে উল্লেখ করা হয়, নারী ইউপি সদস্য তামান্না ৫নং ওয়ার্ডের গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানি গ্রামের মৃত পবন গাজীর প্রতিবন্ধী ছেলে দুলালের প্রায় ৩ বছরের ভাতার ২৬ হাজার ৪০০ টাকা দুলালের মোবাইল নম্বরের পরিবর্তে ইউপি সদস্যা তামান্না তার নিজের ভাই কামালের মোবাইল দিয়ে নম্বরে ভাতার টাকা উত্তোলন করেন।

সম্প্রতি প্রতিবন্ধী দুলাল এ বিষয়টি জানতে পারেন। অভিযোগের বিষয়ে নারী ইউপি সদস্য জানান, বিষয়টি সমাধান করা হয়েছে দুলালের প্রাপ্ত ২৬ হাজার ৪০০ টাকা থেকে ২৬ হাজার টাকা পরিশোধ করা হয়েছে।

আমতলী উপজেলা সমাজসেবা অফিসার মঞ্জুরুল কাওসার বলেন, বিষয়টির তদন্ত চলছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকুনুজ্জামান খান বলেন, তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।