বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জামায়াতে ইসলাম কখনও মোনাফেকি করে না। তারা কখনও কারও সঙ্গে প্রতারণা করে না। কিন্তু কিছু মানুষ জামায়াতে ইসলামকে নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। যারা এসব বলে আমি ওপেন তাদের সঙ্গে ডিবেট করতে রাজি আছি।
রবিবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর মগবাজার কার্যালয়ের আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, গণভোট ইস্যুতে বিএনপি বলেছে গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হতে হবে। কিন্তু গণভোট এক ধরনের বিষয়, আর সংস্কার এক বিষয়। কারণ সংস্কার তো যেকোনো সময় করা যায় আর নির্বাচন তো পাঁচ বছরের একটা বিষয়। নির্বাচন তো ক্ষমতার পালাবদলের।
ডা. তাহের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আসুন আমরা একসঙ্গে বসি। খোলামনে আলোচনা করি। একটি সুষ্ঠু নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়নসহ সব ইস্যু নিয়ে বসি। বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলগুলোর এ ধরনের সম্পর্ক চায় না। তারা সমন্বয়-সমঝোতা চায়। বিএনপির সঙ্গে বসলে বাকি দলগুলোর সঙ্গেও আলোচনা করা যাবে। তাহলে সংকট থেকৈ জাতি পরিত্রাণ পাবে।
তিনি বলেন, বিএনপি বলে প্রশাসনে সব জায়গায় জামায়াতের লোক বসে আছে। বাস্তবে ৮০ ভাগই তাদের লোক। এটা এজন্য বলে যে, শতভাগ যাতে তাদের লোক বসানো যায়।
প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনি দৃঢ় অবস্থানে থেকে যেটা সঠিক সেই সিদ্ধান্ত নিন। জাতি তাতে সমর্থন দেবে। আপনি কত লোকের সমর্থন চান, যত চাইবেন তত সমর্থন পাবেন। অন্যায্য সিদ্ধান্ত থেকে বিরত থাকুন।
সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খঅন ও মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ প্রমুখ।