পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানি উৎপাদন সম্প্রসারণের অংশ হিসেবে রাশিয়ার সহযোগিতায় আটটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে ইরান। দেশটির পরমাণু শক্তি সংস্থার (এইওআই) প্রধান এমনটা ঘোষণা দিয়েছেন।
রবিবার (তারিখ) সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি জানান, ইরান ও রাশিয়ার সরকারের মধ্যে আটটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র যৌথভাবে নির্মাণের জন্য নতুন একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
তিনি ব্যাখ্যা করে বলেন, এই সহযোগিতার আওতায় চারটি বিদ্যুৎকেন্দ্র বুশেহর অঞ্চলে এবং বাকি চারটি ইরানের অন্যান্য স্থানে নির্মাণ করা হবে। অন্য কেন্দ্রগুলোর সুনির্দিষ্ট অবস্থান পরে সরকার ঘোষণা করবে।
ইসলামির মতে, এই পরিকল্পনার লক্ষ্য হলো ইরানের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে বিভিন্ন অঞ্চলে স্থিতিশীল ও পরিচ্ছন্ন পারমাণবিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।
তিনি আরও বলেন, ইরানের উত্তর উপকূলে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণেরও প্রয়োজন রয়েছে। ব্যাপক প্রচেষ্টার পর গোলেস্তান প্রদেশে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প শুরু হয়েছে এবং সেখানে উপযুক্ত স্থান নির্ধারণ করা হয়েছে।
এইওআই প্রধানের ব্যাখ্যা অনুযায়ী, রাশিয়ার সহযোগিতায় নতুন এই বিদ্যুৎকেন্দ্রগুলো নির্মিত হলে ইরান ২০ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করবে যা দেশটির দীর্ঘমেয়াদি জ্বালানি স্বনির্ভরতা ও টেকসই উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি নির্দেশ করে।