বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার তরুণ প্রজন্ম। তরুণদের চিন্তা, উদ্যম ও সৃজনশীলতা দিয়েই গড়ে উঠবে একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ। শুধু স্বপ্ন দেখা নয় বরং স্বপ্নকে বাস্তবায়ন করতে এগিয়ে আসাই তরুণদের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়ির সাংবাদিক আনোয়ার আলদীন।
রবিবার নারায়নগঞ্জের সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে ‘তারুণ্যের ভাবনায় কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক অনুপ্রেরণামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে যতবার কোন দেশ বিরোধী শক্তি শাসনের নামে অপশাসন চালাতে চেয়েছে ততবার এইদেশের তরুণ প্রজন্ম রুখে দিয়েছে। বাংলাদেশের তরুণদের রয়েছে অসীম প্রাণশক্তি, তারুণ্যের এই শক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার করতে পারলে বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাড়াতে পারবে।
সমাজ উন্নয়ন ও মানব সেবামূলক প্রতিষ্ঠান রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যেগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান।
সভাপতির বক্তব্যে মোঃ আতাউর রহমান বলেন, তরুণ প্রজন্মের চিন্তা ও দায়িত্ববোধের মাধ্যমেই গড়ে উঠতে পারে আলোকিত বাংলাদেশ। ঐতিহ্যের মাটিতে দাঁড়িয়ে তারা যদি সততা, মানবতা ও উন্নয়নের দৃষ্টিতে কাজ করে,তাহলে বাংলাদেশ হবে বিশ্বের জন্য একটি অনুকরণীয় উদাহরণ।’
পরিবেশ কণ্ঠের প্রকাশক মীযানুর রহমান ও সোনারগাঁও জনকল্যাণ যুব সংস্থার সভাপতি ফয়সাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন। অনুষ্ঠানে উপস্থিত তরুণরা দেশপ্রেম, ঐক্য ও দায়িত্ববোধের শপথ নিয়ে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।