ওয়েব ফিল্মে ইয়াশ-তটিনী জুটি

তরুণ মডেল-অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী খুব কম সময়েই নিজের মেধাশক্তি দিয়ে ছোট পর্দায় শক্ত একটা অবস্থান তৈরি করে নেন। তার সাবলীল অভিনয়ের সুবাদে খুব সহজেই টিভি নাটক থেকে ওয়েব সিরিজে ডাক পড়ে তার। ওটিটি অভিনয় করেও দর্শক ও নির্মাতা মহলে সুনাম অর্জন করেন তিনি। অন্যদিকে ইয়াশ রোহানও আগে থেকেই মেধাবী অভিনেতা হিসেবে পরিচিত। ইয়াশ-তটিনী জুটি এর আগে বেশ কয়েকটি নাটকে এবং ওয়েব সিরিজে কাজ করে সমাদৃত হয়েছেন। টিভি নাটকে এবং ওয়েব সিরিজের পর এবার এই জুটি দর্শকের সামনে হাজির হচ্ছেন ওয়েব ফিল্মে। তাদের নিয়ে ‘তোমার জন্য মন’ শিরোনামের ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন প্রায় সব ঘরানাতেই দাপুটে পদচারণা নির্মাতা শিহাব শাহীন। ড্রামা, থ্রিলার, রোমান্টিক গল্পে তিনি কনটেন্ট বানাচ্ছেন বিরতিহীনভাবে এবং তার প্রায় সবই জনপ্রিয়। দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে নিয়ে আসছেন তিনি প্রেমের গল্প নিয়ে। আগামী ৫ নভেম্বর রাত ১২টায় (৬ নভেম্বর) ফিল্মটি মুক্তি পাবে।

এর আগে গত ৩০ অক্টোবর সন্ধ্যায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে এসেছিল সিনেমাটির মুক্তির ঘোষণা। প্রকাশ পেয়েছিল ফিল্মটির মোশন পোস্টার, ট্রেলার। নির্মাতা জানান, তিনি যে রকম গল্প বলতে চেয়েছেন সেখানে এমন একটা জুটি প্রয়োজন ছিল যাদের মধ্যে কাজ নিয়ে ও কাজের বাইরে এক রকম বোঝাপড়া আছে। তেমন অনস্ক্রিন জুটি খুঁজতে গিয়ে শিহাব শাহীন নির্বাচন করেছেন ইয়াশ রোহান ও তটিনীকে। মফস্বলে বেড়ে ওঠা দুই তরুণের সম্পর্কের গল্প বলবে ওয়েব ফিল্মটি। এটি একটি ফিল গুড কনটেন্ট। শিহাব শাহীন বলেন, আমাদের কিছু প্রবাদ আছে, ‘বৃক্ষ তোমার নাম কী? ফলে পরিচয়’, ‘জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো’, এই গল্পের মধ্যে এই ভাবনা বা দর্শনগুলো আছে। অনেক সময় মানুষের নাম অনেক বড় হয়ে আমাদের সামনে আসে, কিন্তু মানুষ তার কাজেই সবচেয়ে বড় হয়। এই আইডিয়াটা নিয়েই গল্প আবর্তিত হয়েছে।

দর্শকদের উদ্দেশ্যে তার ভাষ্য, এটার শুটিং হয়েছে যশোরে। নতুন একটা লোকেশন, এখানে নতুন ইমেজ পাওয়া যাবে। তবে এমন না যে চরিত্রগুলো যশোরের ভাষায় কথা বলবে। নতুন কিছু করার জন্যই আমাদের এ চেষ্টা। কক্সবাজারেও হয়েছে কিছু দৃশ্যের চিত্রায়ণ। ফিল্মটিতে পিউ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তটিনীকে। চরিত্রটি নিয়ে তার ভাষ্য, পিউ একটু সিদ্ধান্তহীনতায় ভোগা আবেগপ্রবণ মেয়ে। একটি ঘটনা তার আত্মোপলব্ধি ঘটায় এবং জীবনের কিছু বিষয় ঠিক করে দেয়।

তটিনী বলেন, ‘গল্পটা অর্ধেকের মতো শোনার পর আমি যেমনটা ধারণা করছিলাম সে রকম তো হলোই না বরং এমন একটা কিছু হলো যেটা অপ্রত্যাশিত। এটাই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করল কাজটি করার জন্য এবং আমি শিহাব ভাইকে সঙ্গে সঙ্গেই জানাই যে আমি কাজটি করতে চাই। শুধু তাই না, শিহাব ভাইয়ের পরিচালনায় এটা আমার দ্বিতীয় কাজ হওয়ার কারণে জানি তার সঙ্গে কাজ করাটাও একটা শিক্ষা।’ ওটিটিতে দীর্ঘদিনের বিরতির কারণ জানতে চাইলে অভিনেত্রী জানান, একটা ভালো গল্প আর পছন্দের চরিত্রের অপেক্ষায় ছিলেন তিনি। তোমার জন্য মন দিয়ে শেষ হলো তটিনীর অপেক্ষা। তটিনী বলেন, ‘ওটিটি দিয়েই আমার ক্যারিয়ার শুরু। নাটকে ব্যস্ত হওয়ার পর ওটিটির অনেক প্রস্তাব এসেছে। সব সময় মনে হতো, ওয়েবে কাজ করলে এমন কোনো গল্প ও চরিত্রে অভিনয় করা উচিত, যেখানে অভিনয়ের সুযোগটা থাকবে। অপেক্ষা করছিলাম তেমন কাজের জন্য।’

ফিল্মটিতে পিউ চরিত্রে অভিনয় করেছেন তটিনী। পিউ একটু সিদ্ধান্তহীনতায় ভোগা আবেগপ্রবণ মেয়ে। একটি ঘটনা তার আত্মোপলব্ধি ঘটায় এবং জীবনের কিছু বিষয় ঠিক করে দেয়। অন্যদিকে এলাকার প্রভাবশালী পরিবারের ছেলে রওনক চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। রওনক এমন একটি চরিত্র যে তার নিজের পরিচয় বা কর্মে এগিয়ে যেতে চায় চরিত্রটি নিয়ে জানান অভিনেতা। ইয়াশ বলেন, ‘শিহাব শাহীন ভাই স্ক্রিপ্ট দেওয়ার আগে আমার ডেটস আছে কি না জানতে চেয়েছিলেন। কিন্তু আমি তখন অন্য কাজে ব্যস্ত ছিলাম এবং ডেটসও ছিল না। তারপরও বললাম স্ক্রিপ্ট পাঠাতে এবং সেটা পড়ার পর আমার মনে হলো কাজটা করা দরকার। অন্য যে কাজগুলো ছিল, তাদের সঙ্গে কথা বলে, ম্যানেজ করে ডেটস বের করে শিহাব শাহীন ভাইয়ের কাজটা করলাম।’

‘তোমার জন্য মন’-এর গল্প, চিত্রনাট্য সংলাপ লিখেছেন শিহাব শাহীন নিজেই। ইয়াশ-তটিনী ছাড়া আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান, সালাহউদ্দিন লাভলু প্রমুখ।