সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সংবর্ধিত হলেন নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত। গতকাল রবিবার আপিল বিভাগে প্রথমে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নেপালের প্রধান বিচারপতিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন। পরে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন নেপালের প্রধান বিচারপতিকে সংবর্ধনা জানিয়ে বক্তব্য দেন। এদিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের পরিপ্রেক্ষিতে উদ্ভূত আপিলের ওপর ষষ্ঠ কার্যদিবসের শুনানি পর্যবেক্ষণ করেন নেপালের প্রধান বিচারপতি। পরে সংবর্ধনার জবাবে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন তিনি।
গতকাল তত্ত্বাবধায়ক ফেরাতে মামলাসংক্রান্ত শুনানিতে বিএনপি মহাসচিবের পক্ষে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। এরপর বিরতি শেষে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ নেপালের প্রধান বিচারপতিকে নিয়ে আবার এজলাসে বসেন। বিরতির পর বিএনপি মহাসচিবের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এ ছাড়া এই মামলায় ইন্টারভেনর হিসেবে শুনানি করেন আইনজীবী এহসান এ সিদ্দিকী। আগামীকাল মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতবি করে আপিল বিভাগ।