গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১ হাজার ১৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সংখ্যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ। আর আক্রান্ত হয়ে মারা গেছে আরও পাঁচজন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৮৩ জন মারা গেল। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৬৭৫ জনে।
গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোয় ভর্তি হয়েছে ২৬১ জন। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটিতে ১৭৫, বরিশাল বিভাগে ১৬৩, খুলনা বিভাগে ১৫৪, চট্টগ্রাম বিভাগে ১০৮, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৬, ময়মনসিংহ বিভাগে ৮৭, রাজশাহী বিভাগে ৯৮ এবং সিলেট বিভাগে ৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।