অভিবাসন অভিযান আরও কঠোর করার নির্দেশ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টদের অভিবাসন দমন অভিযানের কঠোরতার প্রশংসা করেছেন। দেশজুড়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও বিক্ষোভের মধ্যেও তিনি মন্তব্য করেছেন, এসব অভিযান এখনও পর্যাপ্ত কঠোর নয়।

গত শুক্রবার একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাঁর প্রশাসনের অভিবাসন কার্যক্রমকে সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জো বাইডেনের নিয়োগপ্রাপ্ত উদারপন্থী বিচারকেরা বাধাগ্রস্ত করছেন। এ সময় সাংবাদিকরা আইসিই এজেন্টদের সন্দেহভাজন অভিবাসীদের ওপর হামলা, টিয়ার গ্যাস নিক্ষেপ এবং গাড়ির জানালা ভাঙার ঘটনার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘তাদের বের করে দেওয়া জরুরি।’

৭৯ বছর বয়সী এই রিপাবলিকান নেতা চলতি বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে পুনঃপ্রবেশের পর থেকেই ব্যাপক দেশব্যাপী অভিবাসন অভিযানকে তাঁর প্রশাসনের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন। ২০২৪ সালের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি এসব অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।

আইসিই অভিযানের তীব্রতা বৃদ্ধি পাওয়ার পর দেশজুড়ে প্রতিবাদী ঢেউ লক্ষ্য করা গেছে, বিশেষ করে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরগুলোতে প্রশাসন অতিরিক্ত এজেন্ট মোতায়েন করেছে।

এছাড়া, ট্রাম্প আইসিই সদস্যদের সহায়তায় সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন এবং অভিবাসন আটক কেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদার করতে চেয়েছেন। তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন মামলা করেছে। যুক্তরাষ্ট্র জুড়ে অভিযোগ উঠেছে, প্রেসিডেন্ট তাঁর সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।