ব্রডব্যান্ড খরচ বাড়ছে ২০ শতাংশ

নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের ফলে সাধারণ গ্রাহকের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ পর্যন্ত বাড়বে বলে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবের স্কাইলাইন রেস্টুরেন্টে আইএসপিএবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন নীতির কারণে এখনকার ইন্টারনেট প্যাকেজগুলোতে সরাসরি প্রভাব পড়বে। বর্তমানে ৫০০ টাকার ব্রডব্যান্ড সংযোগের মাসিক খরচ বেড়ে ৬০০ টাকা এবং ১ হাজার টাকার সংযোগের খরচ বেড়ে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত হবে।

আমিনুল হাকিম বলেন, ‘টেলিকম পলিসির বর্তমান কাঠামো পরিবর্তন না করা হলে বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে। এতে শুধু ইন্টারনেট খরচই বাড়বে না, বরং ডিজিটাল সেবাগুলোও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।’

তিনি আরও জানান, নতুন নীতিতে বিভিন্ন টেলিকম চার্জ, ব্যান্ডউইথ ভ্যাট ও সার্ভিস ফি পুনর্নির্ধারণের কারণে সেবা সরবরাহকারীদের ব্যয় বাড়বে, যার প্রভাব শেষ পর্যন্ত পড়বে গ্রাহকের ওপর।

আইএসপিএবি সভাপতি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘নির্বাচনের আগে সংশ্লিষ্ট নীতিমালা পর্যালোচনা ও সংশোধনের উদ্যোগ নেওয়া জরুরি। অন্যথায় দেশের ইন্টারনেট খাত এক প্রকার ডিজিটাল স্থবিরতায় পড়বে।’