পিতার ২ বছর পর সড়ক দুর্ঘটনায় ছেলেরও মৃত্যু

সৌদিআরবে পিতার মৃত্যুর ২ বছর পর সড়ক দুর্ঘটনায় রাকিব হাসান (২৮) নামে ছেলেরও মৃত্যু হয়েছে।

রবিবার (২ নভেম্বর) রাকিব হাসান প্রবাসী সৌদিআরবের মাটিতেই সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। সে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের হিলচিয়া ৭ ওয়ার্ডের চামুদরিয়া বাজারের মৃত নাসির উদ্দিনের ছেলে। 

জানা যায়, রাকিব সৌদি আরবের জেদ্দা শহরে ড্রাইভিং এর কাজ করতেন। গতকাল জেদ্দা শহর এলাকায় গাড়ি চালানোর সময় তিনি ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ফরহাদুল ইসলাম খান জুয়েল বলেন, রাকিব দুই বছর আগে সৌদি আরবে তার পিতার সঙ্গে কর্মস্থলে যোগদেন। বিদেশে যাওয়ার কিছুদিন পরই তার বাবা নাসির উদ্দিন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিলেন। 

রাকিবের অকাল মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি শোভনদণ্ডীতে বন্ধু-বান্ধব, পরিবার-আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও প্রবাসী সহকর্মীরা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।