নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (৩ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত একটি জনস্বার্থ বার্তায় এ ঘোষণা দেওয়া হয়েছে।

ওই বার্তায় আরও বলা হয়েছে, নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তা, নিজ ভোটার এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররাও আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

এ বিষয়ে বিস্তারিত জানতে www.ecs.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেল @BangladeshECS এ চোখ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, এবার প্রথমবারের মত প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। যেসব প্রবাসী ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত থাকবেন, তারা ডাকযোগে ভোট দিতে পারবেন।

তিনি আরও জানান, আগামী ১৬ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপের উদ্বোধন করা হবে। এই অ্যাপের মাধ্যমে কত তারিখ পর্যন্ত নিবন্ধন করা যাবে তা সেদিন জানানো হবে।