কুয়াকাটায় জেলের জালে উঠে এলো বিষাক্ত ‘লায়নফিশ’

পটুয়াখালীর মহিপুরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির এক বিষাক্ত সামুদ্রিক মাছ লায়নফিশ। মাছটি স্থানীয়দের কাছে বাঘা মাছ নামে পরিচিত। কেউ কেউ এটিকে রাওয়া মাছ নামে চেনে। সোমবার (০৩ নভেম্বর) সকালে মহিপুর মৎস্য বন্দরের মুন্নী মৎস আড়তে মাছটি আনা হয়।  অনেকেই মাছটি এক নজর দেখতে ভিড় জমায়।

স্থানীয় জেলে মন্নান মাঝি বলেন, গত পরশু কুয়াকাটা উপকূলের গভীর সাগরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে এই অদ্ভুত মাছটিও ধরা পড়ে। দেখতে অনেক সুন্দর হলেও শুনেছি এটি বিষাক্ত।

মুন্নী ফিসের ম্যানেজার হিরণ বলেন, আমরা প্রথমে ভেবেছিলাম এটি সাধারণ কোনো মাছ, কিন্তু পরে দেখি রঙটা অনেক অদ্ভুত আর পাখনাগুলো কাঁটার মতো। তারপরই বুঝতে পারি এটি বিরল কিছু।

ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, লায়নফিশ দেখতে অত্যন্ত আকর্ষণীয় হলেও এটি অত্যন্ত বিষধর মাছ। এর পাখনার কাঁটা মানুষকে শরীরে ফুটলে বিষ কারণে তীব্র ব্যথা হয়, ক্ষতস্থল ফুলে যায়, আবার কখনও শ্বাসকষ্ট হতে পারে। তাই খালি হাতে এই মাছ ধরা ঝুঁকিপূর্ণ।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, লায়নফিশ মূলত ছোট মাছ ও চিংড়ি খেয়ে বেঁচে থাকে। এটি সাধারণত ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর ও লোহিত সাগরের উষ্ণ উপকূলীয় অঞ্চলে দেখা যায়।