বরিশালের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসো স্যালাইন (ওএসএল) ফার্মা লিমিটেডের প্রায় পাঁচ শ শ্রমিক-কর্মচারীকে একযোগে ছাঁটাই করা হয়েছে। শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। গত ২৯ অক্টোবর ডাকযোগে ছাঁটাইয়ের নোটিশ পাওয়ার পর থেকেই কারখানার মূল ফটক ও সড়কের ওপর কয়েকশ শ্রমিক বিক্ষোভে নামেন।
আজ সোমবার সকাল থেকে বরিশাল নগরীর বগুরা রোড অপসো স্যালাইন ফ্যাক্টোরির সামনের সড়কে শ্রমিকরা দাবি আদায়ের জন্য অবোরধ করেছেন।
শ্রমিকদের অভিযোগ, একদিন আগেই তিন দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ, আর পরদিনই পাঠানো হয় চাকরি থেকে অব্যাহতির পত্র। একই সঙ্গে নতুন শ্রমিক নিয়োগের চেষ্টা চলছে বলেও অভিযোগ তাদের।
শ্রমিক আখি আক্তার বলেন, আমরা আগে থেকে কিছুই জানতাম না। হঠাৎ করে জানানো হলো, আমাদের চাকরি নেই। এখন আমরা কী করে রোজগার করব, কোথায় যাব? আমরা আমাদের চাকরি ফেরত চাই।
অন্য এক শ্রমিক সোহেল বলেন, আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। এতগুলো শ্রমিক এখন না খেয়ে মরবে? কোম্পানি আগে ছুটি দিয়েছে। কিন্তু তার পর বলে চাকরি নাই। এখন তারা নতুন নিয়োগ দিয়েছে। কিন্তু আমরা কই যাব? আমরা কি অন্যায় করেছি? যত দিন ফয়সালা না হবে, তত দিন আমরা আন্দোলন চালিয়ে যাব।
এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য না পাওয়া গেলেও তাদের দাবি, ছাঁটাই নয়, লোকসানের কারণে কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রম অধিদপ্তরে পাঠানো চিঠিতে ২০ নভেম্বরের মধ্যে শ্রমিকদের সব পাওনা পরিশোধের কথা উল্লেখ রয়েছে।