জাতীয় প্রেস ক্লাবে সিনিয়র সাংবাদিক মোদাব্বের হোসেনের সঙ্গে ঘটা অপ্রীতকর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।
সোমবার (৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মোদাব্বের হোসেনকে বুকে টেনে নেন সালাম এবং প্রকাশ্যে তার কাছে দুঃখপ্রকাশ করেন।
আবদুস সালাম বলেন, এ ঘটনায় আমি দুঃখপ্রকাশ করছি। ভিড়ের মধ্যে এমন একটা ঘটনা ঘটবে ভাবিনি। উনাকে আমি খুব ভালোবাসি। উনি সিনিয়র মানুষ, এরকম কিছু হওয়া ঠিক হয়নি। যা হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
এ সময় সাংবাদিক মোদাব্বের হোসেন বলেন, এটা একটা ভুল বোঝাবুঝি ছিল। সালাম সাহেবের সঙ্গে আমার সম্পর্ক ভালো। উনি বিএনপি নেতা, আমরাও সেই আদর্শে বিশ্বাসী। কিন্তু বাইরে থেকে অনেকে বিষয়টা ভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করেছে। সালাম ভাই আমাদেরই লোক—ওনার সম্মানই আমার সম্মান। এতে আমি মনে কিছু রাখিনি।