ফরিদপুরের ভাঙ্গায় পৃথক স্থানে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে দুই দিনেই অন্তত ৬০ জন আহত হয়েছে।
রোববার উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে সংঘর্ষের পর আবারও একই স্থানে দুই দল গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়।
সকালে ওই গ্রামের সায়মন মাতুব্বরের দলের মিন্টুকে প্রতিপক্ষের লোকজন মারধর করে। এই ঘটনার জের ধরে দু'দল গ্রামবাসীর ফের সংঘর্ষ শুরু হলে কমপক্ষে ১৫ জন আহত হয়।
সংঘর্ষের সময় প্রায় ২০টি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায় সংঘর্ষকারীরা। এ নিয়ে দুই দিনেই অন্তত ৬০ জন আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকালের সংঘর্ষের জেরে আজ সকালে একজনকে মারধর করলে দুই পক্ষের লোকজন ফের দেশীয় অস্ত্র যেমন ঢাল, শরকি, কালি, কাতরা, টেটা এবং সড়কের ইট ব্যবহার করে দুই ঘন্টারও বেশি সময় ধরে সংঘর্ষে লিপ্ত হয়।
এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্তি বিরাজ করছে।
উল্লেখ্য, রোববার সকালে একটি জমি মাপার বৈঠককে কেন্দ্র করে ঝামেলা শুরু হয়। এরপর বিকেল চারটা থেকে সংঘর্ষ শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে।
অপরদিকে, ভাঙ্গা উপজেলার বাস্তখোলা সদরদী গ্রামে সিরাজুল ইসলাম ও মন্নু মাতুব্বরের মধ্যে সংঘর্ষ হয়, যার ফলে ১০ জন আহত হয়েছে।
তবে বর্তমানে দুটি এলাকায় দু'দল গ্রামবাসীর মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।