ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও মানহানিকর মন্তব্য ছড়ানোর অভিযোগে সাংবাদিক মুজতবা খন্দকার ও লেখক মহিউদ্দিন মোহাম্মদসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে শাহবাগ থানায় এজাহার করেন শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। এরপর বিষয়টি নিয়ে সাংবাদিকদের উদ্দেশে কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর মানবাধিকার সম্পাদক সাখাওয়াত জাকারিয়া, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।
মামলায় এজাহারে উল্লেখ করা হয়, আমি শেহরীন আমিন ভূঁইয়া (৩৪), পিতা-আমিনুল ইসলাম, এজাহার দায়ের করতেছি যে, ১ নম্বর বিবাদী-মুজতবা খন্দকার, সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট, তার ফেসবুক অ্যাকাউন্টে আমার ছবি অশালীনভাবে এডিট করে পোস্ট করে এবং ক্যাপশন দেয় ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি।’
মহিউদ্দিন মোহাম্মদ, লেখক ও অ্যাক্টিভিস্ট, আমাকে ‘যৌন-কল্পনার রসদ’ আখ্যা দিয়ে তার নিজের আইডিতে একটি ফটোকার্ড শেয়ার দেন। এ ছাড়া সেখানে আমাকে নিয়ে কুরুচিপূর্ণ, আশালীন ও মানহানিকর মন্তব্য করা হয়।
নিরব হোসাইন, শিক্ষার্থী ঢাকা কলেজ। ডেইলি ক্যাম্পাস নিউজ পোর্টালের একটি ফেসবুক পোস্টের কমেন্টে আমাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। আশফাক হোসাইন ইভান তার ফেসবুক পোস্টে আমার এডিটেড অশালীন ছবি পোস্ট করে।