রিয়াল মাদ্রিদে সাম্প্রতিক বিতর্কেও ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি আস্থা হারাননি ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। সাবেক রিয়াল বস জানিয়েছেন, তরুণ এই ফরোয়ার্ডের সঙ্গে সব ভুল বোঝাবুঝি মিটে গেছে, আর সেই কারণেই নভেম্বরের দুই প্রীতি ম্যাচের জন্য তাকে দলে রাখা হয়েছে। আর ফিটনেসের অভাবে সুযোগ হয়নি নেইমারের।
গত ২৬ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে পরিবর্তন করে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন ভিনিসিয়ুস। পরে সতীর্থদের কাছে ক্ষমা চান তিনি। এ বিষয়ে আনচেলোত্তি বলেন, ‘আমি বিষয়টি নিয়ে ওর সঙ্গে কথা বলেছি। ভিনি একটা ভুল করেছে, আর পরবর্তীতে সে সেটা বুঝতেও পেরেছে। বিষয়টা এখানেই শেষ। ভিনিসিয়ুস আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়, মাঠে সে অনেক কিছু করতে পারে।’
ব্রাজিল আগামী ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগাল এবং ১৮ নভেম্বর ফ্রান্সের লিল শহরের ডেকাথলন স্টেডিয়ামে তিউনিসিয়ার মুখোমুখি হবে। এই দুই ম্যাচের জন্য ঘোষিত দলে সাতজন ব্রাজিলের স্থানীয় ক্লাবের খেলোয়াড় আছেন। যেমন- ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার দানিলো ও পালমেইরাসের ফরোয়ার্ড ভিতর রকি। দুজনই ২৯ নভেম্বর কোপা লিবার্তাদোরেসের ফাইনালে মুখোমুখি হবেন।
এদিকে ইনজুরি থেকে সান্তোসের জার্সিতে মাঠে ফিরে গোলও করেছেন নেইমার। কিন্তু আনচেলত্তির মন জোগাতে পারেননি। ব্রাজিল তারকা এখনো পুরোপুরি ফিট না হওয়ায় দলে সুযোগ হয়নি তার। আনচেলোত্তি বলেন, ‘আমি নেইমারের সঙ্গে কথা বলিনি। ও পুরোপুরি ফিট হলে আমরা বিবেচনা করব। এই দুই ম্যাচে যারা দলে এসেছে, তারা ব্রাজিলের জার্সিতে কিছু দিতে পারবে বলেই বিশ্বাস করি।’